অনুমতি ছাড়া তোমার মা-বাবার কাছে চলে গেলে আমি তোমাকে তিন তালাক প্রয়োজনে বাইন তালাক দিবো বলার বিধান

তালাকের বিধিবিধান ,মুআল্লাক তালাক ,অনুমতি ছাড়া তোমার মা-বাবার কাছে চলে গেলে আমি তোমাকে তিন তালাক প্রয়োজনে বাইন তালাক দিবো বলার বিধান

Fatwa No :
918
| Date :
2026-11-13
মুআমালাত / তালাকের বিধিবিধান / মুআল্লাক তালাক

অনুমতি ছাড়া তোমার মা-বাবার কাছে চলে গেলে আমি তোমাকে তিন তালাক প্রয়োজনে বাইন তালাক দিবো বলার বিধান

স্ত্রীর বক্তব্যঃ পূর্বের একটি বিষয়কে কেন্দ্র করে আমার এবং আমার স্বামীর মন খারাপ ছিল। এ অবস্থায় আমরা ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের পর যখন আমার চোখ লেগে আসে তখন আমার স্বামী আমাকে ডাক দেয় রাগটা ভাঙ্গানোর জন্য এবং বলে আমি জানি কেন তোমার মনটা খারাপ। কিন্তু তখনও আমার রাগ থাকায় আমি তাকে থামিয়ে বললাম এ বিষয়টা বাদ দাও। আমি রাগ করে থাকায় আমার স্বামীও রেগে বলে ফেলেন "তুই যদি তোর মা বাবার সাথে সম্পর্ক রাখিস তাহলে তুই তিন তালাক, বাইন তালাক। আমার চোখে ঘুম থাকায় ততটুকু কথা শেষ হতে না হতেই আমি চিৎকার দিয়ে উঠলাম যে তুমি কি বলছ? তখন আমার স্বামী বলল তুই যদি আমার অনুমতি ছাড়া তোর মা বাবার সাথে সম্পর্ক রাখিস তবে তোকে তিন তালাক, বাইন তালাক দিবো। তারপর আমি বললাম আমার মা-বাবার সাথে আমার সম্পর্ক রক্তের। আমি কিভাবে এটা মানবো ? তখন সে আমাকে বলল ফোনে কথা বলতে পারবি । কিন্তু আমার অনুমতি ছাড়া যাওয়া আসা করতে পারবিনা। এরপর মা-বাবার সাথে ফোনে কথা হয়েছে। এখন আমার স্বামী আমাকে কোরআন নিয়ে কসম খেয়ে বলছে সে একবারের জন্যও প্রথম কথাটি বলতে চায়নি। আমি চিৎকার করে ওঠায় পুরো কথা শেষ হতে না হতেই আমি এরকম শুনেছি। সে আমাকে দ্বিতীয় কথাটি বলতে চেয়েছে। কিন্তু আমি মাঝপথে চিৎকার দিয়ে উঠি। আমার দৃঢ় বিশ্বাস আমার স্বামী আমাকে প্রথম কথাটি বলতে চায়নি। কারন আমার দুটি সন্তান আছে এবং আমরা দুজনে তাদের অনেক ভালোবাসি। এখানে আমারও শোনার ক্ষেত্রে ভুল থাকতে পারে কারণ আমি তাকে কথা শেষ করতে দেইনি। আল্লাহ তায়ালা ক্ষমাশীল । এই অবস্থায় আমার করণীয় কি?
স্বামীর বক্তব্যঃ আমাদের মাঝে পূর্ব থেকেই আমার স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়া নিয়ে ঝগড়া চলছিল। তাই চলমান ঘটনায় আমি আমার স্ত্রীকে বলেছি, তুমি যেভাবে মন চায় সেভাবে তোমার মা-বাবার সাথে সম্পর্ক রাখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমার মা-বাবার কাছে চলে গেলে আমি তোমাকে তিন তালাক প্রয়োজনে বাইন তালাক দিবো এবং কোরআন নিয়ে কসম করে বলছি আমি আমার স্ত্রীকে ভবিষ্যত সূচক শব্দ দিয়ে এ কথাটিই বলেছি, আমার স্ত্রী যেভাবে বলছে সেভাবে আমি আদৌ বলিনি।

الجوابُ حامِدا ًو مُصلیِّا ً وَمُسَلِّمًا

মুফতি সাহেব গায়েব জানেন না। তিনি প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী জবাব দিয়ে থাকেন। তাই প্রশ্নোল্লিখিত বর্ণনা সত্য মিথ্যা হওয়ার দায়ভার প্রশ্নকারিনী ও তার স্বামীর উপর বর্তাবে। এই সংক্ষিপ্ত ভূমিকাটি ভালোভাবে বোঝার পর কথা হলো এই যে, তালাককে কোন শর্তের সাথে সম্পৃক্ত করার বাক্যটির ব্যাপারে যদি স্বামী-স্ত্রীর মাঝে মতানৈক্য হয় এবং স্ত্রীর কাছে নিজ দাবি প্রমাণের জন্য কোন সাক্ষী বা দলিল বিদ্যমান না থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে কসম সহকারে স্বামীর কথাই ধর্তব্য হয়। অপরদিকে ভবিষ্যত সূচক শব্দ দিয়ে তালাককে কোন শর্তের সাথে সম্পৃক্ত করলে শরীয়তের দৃষ্টিতে উক্ত শর্ত পাওয়া গেলেও এর দ্বারা কোন তালাক পতিত হয় না। বরং উক্ত শর্ত পাওয়া গেলে তা ভবিষ্যতে তালাক দেওয়ার ধমকি হিসেবে গণ্য হয়। অতএব প্রশ্নোল্লিখিত সুরতে যেহেতু স্ত্রী নিজের দাবীকৃত বাক্যটি শোনার ব্যাপারে কিছুটা সন্দিহান এবং নিজের দাবি প্রমাণের জন্য তার কাছে কোন সাক্ষী বা দলীলও বিদ্যমান নেই। অপরদিকে স্বামী স্বীয় স্ত্রীর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করছেন এবং কোরআন নিয়ে কসম করে বলছেন যে, তিনি স্ত্রীর বলা বাক্যটি আদৌ বলেননি। বরং তিনি ভবিষ্যৎ সূচক শব্দ দিয়ে “তুমি যেভাবে মন চায় সেভাবে তোমার মা-বাবার সাথে সম্পর্ক রাখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমার মা বাবার কাছে চলে গেলে তোমাকে তিন তালাক প্রয়োজনে বাইন তালাক দিবো” এই বাক্যটি বলে থাকেন এবং তারপর স্ত্রী নিজ মা বাবার সাথে ফোনে কথা বলে থাকেন। তাহলে তার ওপর শরীয়তের দৃষ্টিতে কোন তালাক পতিত হয়নি। বরং স্বামীর দেওয়া বক্তব্যটি শরীয়তের দৃষ্টিতে তার অনুমতি ছাড়া স্ত্রী মা-বাবার কাছে চলে গেলে তিন তালাক বা বাইন তালাক দেওয়ার ওয়াদা বা ধমকি হিসেবে গণ্য হয়েছে। কাজেই এখনো তাদের বৈবাহিক সম্পর্ক অটুট রয়েছে। আর ভবিষ্যতে প্রশ্ন কাহিনী নিজ মা-বাবার সাথে যেকোন ধরনের সম্পর্কই রাখুক না কেন; স্বামীর পূর্বের বলা বাক্যের কারণে তার উপর কোন তালাক পতিত হবে না। যতক্ষণ না তার স্বামী তাকে নতুন করে তালাক দেয়। মনে রাখতে হবে তালাক খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই এ ব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকা উচিত।

مأخَذُ الفَتوی

وفي سنن الترمذي: عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، أن النبي صلى الله عليه وسلم قال في خطبته: «البينة على المدعي، واليمين على المدعى عليه» (ج:3، ص:618، ط: المصرية)-
وفي المبسوط للسرخسي: (قال): وإذا قالت المرأة لزوجها: إن طلقتني ثلاثا فلك علي ألف درهم، فقال: نعم سأطلقك، فلا شيء له حتى يفعل. (كتاب الطلاق، باب الخلع، ج 6 ، ص 216، ط: دار الكتب العلمية)-
وفي الفتاوى الهندية: وإن اختلفا في وجود الشرط فالقول له إلا إذا برهنت وما لا يعلم إلا منها فالقول لها في حقها كأن حضت الخ- (ج:1، ص:422، ط:رشيدية)-
وفي الدر المختار: قوله طلقي نفسك فقالت أنا طالق أو أنا أطلق نفسي لم يقع لأنه وعد. (ج:3، ص:319 ،ط: سعيد)-
وفي رد المحتار: (قوله في وجود الشرط) أي أصلا أو تحققا كما في شرح المجمع: أي اختلفا في وجود أصل التعليق بالشرط أو في تحقق الشرط بعد التعليق. وفي البزازية: ادعى الاستثناء أو الشرط فالقول له، (ج:3، ص:356، ط: سعيد)-
وفی کتاب النوازل: اگر زید طلاق کا منکر ہے تو محض بیوی کے کہنے کی بنا پر طلاق کے وقوع کا حکم نہیں لگایا جائے گا (ج:9 ،ص:146، ط:دار الاشاعت)-
و فی کفایت المفتی: دونوں صورت میں اس کے بیوی مطلقہ نہیں ہوئے، کیونکہ تعليق میں اس نے لفظ "دے دوں گا" استعمال کیا ہے (ج:7، ص: 587، ط:دار الافتاء)-

واللہ تعالی أعلم بالصواب
عمير شهادت عُفی عنه
دار الإفتاء الجامعة البنورية الإسلامية

Fatwa No 918 Verify Now
2     21
Related Fatawa Related Fatawa
...
Related Topics Relative Topics